১২ সেপ্টেম্বর দেশের পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১২ সেপ্টেম্বর মোট ৮৭৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলামকে উদ্ধৃত করে এক খবরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন।
পাঁচটি বিদ্যুৎকেন্দ্র হলো হাবিবগঞ্জের বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, বাঘারহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ২২৫ বিদ্যুৎকেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বাসসকে বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ২৫২৩৫ মেগাওয়াটে পৌঁছেছে (ক্যাপটিভ বিদ্যুৎসহ) যা ২০০৯ সালে ছিল মাত্র ৪৯৪২ মেগাওয়াট।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বের কারণে আমরা প্রায় ৯৯.৫ শতাংশ জনসংখ্যাকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে পেরেছি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রের মতে, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর সরকার সফলতার সঙ্গে ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে যার উৎপাদন ক্ষমতা ২০২৯৩ মেগাওয়াট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। কিন্তু এরই মধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সরকার।



