
রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
সেই সাথে আগামী ১৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নং আদালতে বদলি করা হয়েছে। সে আদালতে এ মামলার পরবর্তী সব বিচারিক কাজ সম্পাদন হবে।
এর আগে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরী মণি ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পরী মণির সহকারী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
বাংলাটিভি/ সাকিব



