
শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সাথে বিআরটিএর উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হলেও কোন সিদ্ধান্ত হয়নি।সকালে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে বিআরটিএর চেয়ারম্যান জানান, সিদ্ধান্ত না হলেও ছাত্রদের দাবির বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠনের দাবি জানান মালিক সমিতির নেতারা।
বাস ভাড়া অর্ধেক করা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে সকালে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সাথে বৈঠক করেন বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ-বিআরটিএর উর্ধ্বতন কর্মকর্তারা। তবে দীর্ঘ সময় আলোচনা করেও হাফ ভাড়া নিয়ে কোন প্রকার সিদ্ধান্তে আসতে পারেনি কোন পক্ষই। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহম্মদ মজুমদার জানান ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে মালিকদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাব দেয়া হয়েছে,যা নথি আকারে মন্ত্রণালয়ের পাঠানো হবে।
ছাত্রদের দাবি যৌক্তিক উল্লেখ করে এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান,রাজধানীতে চলাচল করা বেশিরভাগ মালিকের আয়ের একমাত্র উৎস একটি বাস। তাদের কথা বিবেচনায় নিয়ে বেসরকারী স্কুল, কলেজ, ভার্সিটির সেমিস্টার ফি কমিয়ে বাস ভাড়া লাঘব করার বিষয়টি ভেবে দেখার আহবান জানান তিনি।
শুধুমাত্র বাস মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান সম্ভব নয়,এজন্য সরকারের উচ্চপর্যায়ের সমন্বয় প্রয়োজন বলে জানান শ্রমিক নেতারা।
বাংলাটিভি/শহীদ



