খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে পারেন। তিনি চাইলে বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে পারেন। তাকে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া আছে।
তিনি চাইলে চিকিৎসাপত্র বিদেশি ডাক্তারদের দ্বারা দেখিয়ে চিকিৎসা নিতে পারেন। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আইনের মধ্য দিয়ে যেতে হবে।
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের বেশিরভাগই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকে কোভিড-১৯, কপ-২৬, রোহিঙ্গা, জলবায়ুসহ এলডিসি ইস্যু নিয়ে আলোচনা হয়।এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



