করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও টিকাগ্রহণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সরকারের সবধরণের ব্যবস্থা নিয়েছে জানিয়ে, সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এসময় ওমিক্রনে ভয় না পেয়ে সবাইকে করোনার টিকা নেওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সকালে দেশের ৮টি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগীয় শহরগুলোতে একযোগে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদারসহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, মহামারীকালিন পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বাজেটে রাখা আছে, প্রয়োজনে আরো বাড়ানো হবে। তবে সংক্রমণ থেকে সবাইকে সচেতন থাকার বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি, জনসমাগম এড়নোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে, দেশের স্বানামধন্য চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি গবেষণায়ও মনযোগী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, দেশের তৃণমূল পর্যায়ে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে তাঁর সরকার।
বাংলাটিভি/শহীদ



