বাঙালিকে কখনোই দমানো যায়নি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের প্রতিটি আন্দোলনে কবি-সাহিত্যিকদের সবচেয়ে বেশি অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ এর উদ্বোধন ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক- ২০২০-২০২২’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, কবিতার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানো যায়।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি সহজাতভাবেই কবি। বারবার এ জাতির ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর আঘাত এসেছে; কিন্তু তারা বসে থাকেনি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশে আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে কবি ও আবৃত্তিকারদের।
শেখ হাসিনা আরও বলেন- কথা বলার চেয়ে কবিতা, নাটক ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছানো যায়।
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো প্রদান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক। ২০২০ সালের জন্য গোলাম মোস্তাফাকে মরণোত্তর, ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় এ পদক।
বাংলাটিভি/শহীদ



