বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বিদেশিরা ক্ষমতায় বসাবে না,বসাবে জনগণ: সেতুমন্ত্রী

বিএনপি নতজানু, ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে আর বিদেশি দূতাবাসের কাছে। ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ।

তিনি আরও বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে, এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, এই প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করেননি? বিএনপি নেতারা বলেছেন এ ধরনের কার্যক্রম তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে সংহতি প্রকাশ করেন। ওবায়দুল কাদের মনে করেন এ থেকেই সবকিছু স্পষ্ট হয়।

জনগণ এসব কৌশলী জবাব কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ জানে বিএনপির আসল পরিচয়। ওবায়দুল কাদের আবারও প্রশ্ন রেখে বলেন, তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে?

যারা জীবন্ত মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়, হাওয়া ভবনের নামে অনিয়ম আর লুটপাট চালায়, তারাই আজ মানবাধিকারের কথা বলে, যা শুনলে হাসি পায় বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবার লুটপাটের নেশায় ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি বিএনপির মতো মেরুদণ্ডহীন এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।  বিদেশে নাকি বাংলাদেশ গণতন্ত্রহীন, ন্যায়বিচারহীন দেশ হিসেবে পরিচিত, বিএনপি নেতাদের এমন অর্থহীন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ বিএনপি চোখে দেখে না।

বাংলাদেশকে যখন উন্নয়ন ও অর্জনের রোল মডেল বলা হয় তখন বিএনপি কানে শোনে না এমন মনে করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি চায় এদেশ সমস্যা জর্জরিত রক্তাক্ত জনপদ হয়ে যাক, মুক্তিযুদ্ধবিরোধী স্রোতধারায় চলুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অব্যাহত অগ্রযাত্রা, তা অদম্য গতিতে এগিয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আর কোনদিন বিএনপির সেই অন্ধকার যুগে ফিরে যাবে না।

বাংলাটিভি/জাবেদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button