দেশ-জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন বিজিবির মহাপরিচালক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। সকালে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিজিবি মহাপরিচালক। পরে সাংবাদিক সঙ্গে আলাপকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ-জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবির মহাপরিচালক। বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিমাতৃক এবং নব জীবন দান করেছিলেন।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শহীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



