দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন।বিশ্ব পরিস্থিতির কারণে দেশে কিছু নিত্যপণ্যের দাম বাড়লেও সরকার তা মানুষের ক্রয় ক্ষমতায় রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পহেলা বৈশাখ উদযাপনেরও আহবান জানান তিনি।
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় পহেলা বৈশাখ বাঙ্গালী সংস্কৃতির অনবদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এ উৎসবের মধ্য দিয়েই বিশ্ব সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ভাষণে সমসাময়িক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,বিশ্ব বাজারে কিছু পণ্যের দাম বাড়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।সরকার টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রিসহ বিভিন্ন উদ্যোগ নিলেও এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
বিদেশী ঋণ সহায়তায় বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান সরকার প্রধান।
করোনার প্রকোপ একেবারে শেষ হয়ে যায়নি সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



