আজ থেকে টানা ছুটি, ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল

বছর ঘুরে বাড়ি ফিরে ঈদ করতে রাজধানী ছাড়ছে বহু মানুষ। রেলস্টেশনে যাত্রীদের চাপ রয়েছে, আজ থেকে ঈদযাত্রায় যুক্ত হয়েছে আরো কয়েকটি বিশেষ ট্রেন। এছাড়া বাস টার্মিনালগুলোতে দিনভর ছিলো ঘরমুখো মানুষের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করার উৎসাহ-উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরছেন তারা।
ঈদছুটি মূলত আজ থেকে শুরু হলেও অনেকে আগেভাগেই ঢাকা ছাড়ার কারণে, শুক্রবার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন চাপ ছিলো না। বাসে বাড়ি ফিরছেন অগ্রিম টিকিটধারীরা, এছাড়া সায়েদাবাদে বাস কাউন্টারে নতুন যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম।
এছাড়া, আব্দুল্লাহপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়। অন্যদিকে, ট্রেনে বাড়ি ফিরতে কমলাপুর রেলস্টেশনে ভিড় স্বাভাবিক থাকলেও টিকিট কালোবাজারি নিয়ে ছিলো যাত্রীদের ক্ষোভ।
ঈদযাত্রার শেষদিকে বাড়তি যাত্রী চাপ বিবেচনায় রেখে আজ থেকে বিভিন্ন রুটে আরও ৪টি বিশেষ ট্রেন চালু হয়েছে। ট্রেনের বিলম্ব নিরসনে সিডিউল রাখতে সর্বোচ্চ টেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ।



