বন্যা দূর্গতদের দেখতে মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট যাবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র।
সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার সকালে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জিতে ১২২ বছরের মধ্যে তৃতীয়বারের মতো রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে আসাম ও মেঘালয়ে তিনদিনের টানা বৃষ্টির পানি ঢল হয়ে আঁছড়ে পড়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে। এতে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।
বাংলাটিভি/শহীদ



