নৌকাই দেশের জনগণের আস্থার অবলম্বন : শেখ হাসিনা

আওয়ামী লীগ আর বাংলাদেশের ইতিহাস এক এবং অভিন্ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ায় দেশের মানুষের কাছে নৌকার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে, একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বারবার ষড়যন্ত্র-আঘাত আসার পরও দেশ আজ বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায়, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ এবং বাংলাদেশের ইতিহাসের মধ্যে কোন পার্থক্য নেই। সেই আদর্শ নিয়েই আজও দেশের মানুষের জন্যই রাজনীতি করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।বঙ্গবন্ধু কন্যা বলেন, বারবার ষড়যন্ত্র আঘাত হানার পরও আজ আ্ওয়ামী লীগের হাত ধরেই বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।
কোন ষড়যন্ত্রকারী বা দেশের অর্থ আত্মস্যাৎকারীদের মতো অপশক্তিকে জনগণ কখনো ভোট দেবে না উল্লেখ শেখ হাসিনা বলেন, নৌকাই সবসময় দেশের মানুষের আস্থার অবলম্বন।
এসময় দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায়, দুর্গত এলাকাগুলোতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা যে যেখানে আছে তারা সেখানেই বন্যার্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বলে জানান, প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



