আস্থা আছে বলেই মানুষ বারবার নৌকায় ভোট দেয় : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন হয়েছে বলেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে- বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে, তিনি একথা বলেন। বৈঠকে, আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন সামনে রেখে দলীয় সম্মেলনে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করছেন দলের নেতারা।
বিকেলে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপরে দেশের মানুষের আস্থা রয়েছে। অতীতের মতো এবারও জনগণ নৌকাকেই বিজয়ী করবে বলে প্রত্যাশা করেন বঙ্গবন্ধু কন্যা।
এসময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই, বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপি’র যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের কোন ছাড় নেই। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর সম্মতিতে, আগামী ২৪শে ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও জানান, আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল



