বাংলাদেশরাজনীতি

অভিষেকের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি

আর কিছুক্ষণ পরেই দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার আগে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ। নানা স্লোগানে মঞ্চের আশেপাশ পরিপূর্ণ করছেন ছাত্র-জনতারা।

এদিকে, এনসিপির অভিষেককে সামনে রেখে সমাবেশস্থলে এসেছেন ভ্যাটিকান সিটি এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। এছাড়া সমাবেশস্থলে এসেছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সেক্রেটারি আব্দুল কাদের এবং লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান।

সমাবেশে বিএনপির দুই শীর্ষ নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী যোগ দেবেন বলেও জানা গেছে।

এদিকে, নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। এ সময় তাদেরকে আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও দেখা গেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button