ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক পাম্পিং শুরু হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল ধাপে ধাপে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজী মো. রবিউল আলম জানান, নির্ধারিত সময় অনুযায়ী নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং শুরু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৪৫ ঘণ্টা সময় লাগবে। সে অনুযায়ী আগামী শনিবার বিকেলের মধ্যে জ্বালানিটি পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ডিজেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতি নেই।
মেঘনা পেট্রোলিয়াম সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এরই মধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে এসে পৌঁছেছে।
এর আগে গত ৭ এপ্রিল আরেক দফায় ৮ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে আনা হয়, যা বর্তমানে বিতরণ প্রক্রিয়ায় রয়েছে। মার্চ ও এপ্রিল মাসের আগের চালানগুলোও ধারাবাহিকভাবে এই পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে দেশে প্রবেশ করেছে।



