
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চুরির হাত থেকে রক্ষা পায়নি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ক্যামেরা চুরি হয়ে যায়। ঘটনাটি মোহাম্মদপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়; এ ক্ষেত্রে জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এলাকায় পুলিশের টহল জোরদারের চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে আরও আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তিনি অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।



