বাংলাদেশপ্রধানমন্ত্রী

যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, জাতীয় অগ্রাধিকার বিবেচনায় যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দেশের পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনায় পদ্মা ব্যারেজ নির্মাণেও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকসহ সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করা সরকারের দায়িত্ব। ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’—এই নীতিকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, এর অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিকে সীমিত গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।

সরকারের বাজেটের তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করা, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করা—এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা।

এর আগে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের নির্বাচনী এলাকার (সিটি করপোরেশন এলাকা বাদে) মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকাগুলোতেও বরাদ্দ দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button