
বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয় এবং একই বছরের সেপ্টেম্বরে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
বিচার চলাকালে প্রসিকিউশনের পক্ষে মোট ১০ জন সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী, বিশেষজ্ঞ, ভুক্তভোগী পরিবারের সদস্য, তদন্ত কর্মকর্তা ও অন্যান্য সাক্ষী। অন্যদিকে আসামিপক্ষ দুজন সাফাই সাক্ষী উপস্থাপন করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে বিভিন্ন বক্তব্য ও পদক্ষেপের মাধ্যমে হাসানুল হক ইনু ভূমিকা রাখেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার প্রভাব ছিল এবং এসব ঘটনার ধারাবাহিকতায় কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন।
সব সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায় দেন।



