ড. কামালের গাড়িতে হামলার ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইজিপিকে সিইসির নির্দেশ

গত ১৪ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ফেরার পথে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়ির ওপর হামলার ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সোমবার এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয় থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে।
ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
এর আগে, নির্বাচন কমিশনে সঙ্গে এক বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে, ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনকে ঘিরে এমন পরিবেশ কখনও দেখিনি। নির্বাচনকে নিরুৎসাহিত করতে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যতদিন বেঁচে আছি জনগণের কথা বলে যাবো। মরে গেলোও নির্বাচন বর্জন করবো না- নির্বাচন হতেই হবে।’
এ সময় তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে করা হামলার সব ধরণের তথ্য ইসিকে দিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।’
বাংলাটিভি/এমআরকে



