
ঈদের তিন দিন ছুটির পর খুলেছে সরকারি অফিস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। মন্ত্রী-প্রতিমন্ত্রী,কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন খোশ মেজাজে।
ঈদের পর প্রথম কর্মদিবস বুধবার সচিবালয়ের সর্বত্রই চলছে ঈদের শুভেচ্ছা বিনিময় । একে অপরকে দেখামাত্রই বুকে জড়িয়ে নিচ্ছেন। ভেদাভেদ নেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
দুদিন পর সাপ্তাহিক ছুটি, তাই কিছু কর্মকর্তা-কর্মচারী ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তবে আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মসূচি থাকায়,খুব বেশি কর্মকর্তা-কর্মচারী ঐচ্ছিক ছুটি নেননি।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কম। যারা এসেছেন কাজে-কর্মে ব্যস্ত। কেউ কেউ পারস্পরিক খোঁজ-খবর ও শুভেচ্ছা বিনিময় করছেন।
লিফটগুলোর সামনে তেমন ভিড় ছিল না। তবে গাড়ি রাখার স্থানগুলো অন্য সময়ের মতো গাড়িতে পূর্ণ ছিল। দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষ ছিল দর্শক শূন্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রস্তুতি চলছে।
বাংলাটিভি/শহীদ



