৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস

৩ ডিসেম্বর, ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও হানাদার মুক্ত হয়েছিল। জেলার মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পিছু হটতে থাকে পাকবাহিনী। তাদের চূড়ান্ত পরাজয় ঘটে আজকের এই দিনে।
১৯৭১ সালের ২৫শে মার্চ, পাক হানাদাররা ঠাকুরগাঁওয়ের বিভিন্নগ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগ চালায়। ১৫ এপ্রিল ইসলামনগর থেকে ছাত্রনেতা আহাম্মদ আলী, ইয়াকুব আলী এবং ফাড়াবাড়ীর শেখ শহর আলী, তার ভাই শেখ বহর আলীসহ ১৯জন গ্রামবাসীকে হত্যা করে তাদের মরদেহ একটি কূপে ফেলে দেয়।
হানাদার বাহিনী গণহত্যা চালায় সদর উপজেলার জাঠিভাঙ্গা গ্রামেও। সেখানে প্রায় ৩ হাজার নিরীহ মানুষকে হত্যা করে। পরে তাদের মরদেহ মাটি চাপা দেয়া হয়।
এছাড়া জেলার শতাধিক স্থানে গণহত্যা চালায় পাকবাহিনী। পরে মুক্তিকামি মানুষ সুসংগঠিত হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার প্রতিরোধ, পিছু হটতে থাকে। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও শক্রমুক্ত হয়। জাঠিভাঙ্গা বধ্যভূমি সংরক্ষণের দাবি স্থানীয়দের।
ঠাকুরগাঁও মুক্তদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও উদীচী শিল্পীগোষ্ঠী।
মোঃ মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি



