
২০১৯ সালে ঢালিউডে মুক্তি পেয়েছে ৪৫টির মতো দেশিয় সিনেমা। এরমধ্যে লগ্নিকৃত টাকা তুলে আনতে পেরেছে একমাত্র ছবি ‘পাসওয়ার্ড’। খানিকটা স্বস্তি দিয়েছে ফাগুণ হাওয়ায়, লাইভ ফ্রম ঢাকা, নোলক, বেপরোয়া, সাপলুডুসহ আরো কয়েকটি ছবি। বাকি সিনেমাগুলো আলোচনায় থাকলেও ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি।
সিনেমায় গত বছরের হতাশা কাটিয়ে একটি সফল বছর পাবে ঢাকার চলচ্চিত্রাঙ্গন, সেই প্রত্যাশায় বুক বেঁধেছেন সবাই। আশায় প্রদীপ জ্বেলেছেন সিনেমার দর্শকরাও। ২০২০ সালে মুক্তি পাবে তালিকায় আছে এমন বেশ কিছু মান সম্মত ও ভালো বাজেটের সিনেমা রয়েছে।
সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ২০১৯ সালের ব্যর্থতা ভুলে আসছে বছর ঘুরে দাঁড়াবে বাংলাদেশি ছবির বাজার। চাঙা হয়ে উঠবে ঢালিউড। একনজরে দেখে নেয়া যাক ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমাগুলো।
মিশন এক্সট্রিম: হাইভোল্টেজ ‘ঢাকা অ্যাটাক’ দর্শকদের পছন্দের সিনেমা। পরিচালক বাদে ওই টিমই নির্মাণ করছে ‘মিশন এক্সট্রিম’। এবার নির্মাণে রয়েছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। ‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা ফয়সাল আহমেদ।
বীর: শাকিব খান ফিল্মস প্রযোজিত, কাজী হায়াত পরিচালিত তৃতীয় সিনেমা ‘বীর’। নির্মাণের শুরু থেকে বীর আলোচিত। এ সিনেমার মাধ্যমে কাজী হায়াত পূর্ণ করতে যাচ্ছেন তার ৫০তম সিনেমা নির্মাণ। ১২ ডিসেম্বর সকালে ছবির ফার্স্টলুক প্রকাশের পরেই তুমুলভাবে আলোচিত হয়।
হাওয়া: তিন শতাধিক বিজ্ঞাপন, একগুচ্ছ প্রশংসিত নাটক বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমন তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’র শুটিং শুরু করেন গেল অক্টোবরে। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজসহ অনেকেই এ সিনেমায় কাজ করেছেন। বেশিরভাগ শুটিং হয়েছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরে।
অপারেশন সুন্দরবন: প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দীপঙ্কর দীপন। র্যাবের সহযোগিতায় তিনি এবার বানাচ্ছেন অপারেশন সুন্দরবন। সেখানকার জীব বৈচিত্রের পাশাপাশি সুন্দরবন্দে জলদস্যু দমনে র্যাবের বিভিন্ন অপারেশন উঠে আসবে এ সিনেমায়।
পাপ-পুণ্য: মনপুরা, স্বপ্নজালের পর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
বিউটি সার্কাস: ২০২০ মালে মুক্তির প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছবির নাম ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় ২০১৬ সালে। ২০১৯ সালে মুক্তির কথা থাকলেও ছবি সম্পাদনার কাজসহ নানা জটিলতায় পড়ে শেষ পর্যন্ত হলে আসেনি জয়া আহসান অভিনীত তারকাবহুল এই ছবি।
নো ল্যান্ডস ম্যান: দেশের সিনেমায় নতুন ধারা প্রবর্তনকারী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুধু বাংলাদেশে নয়, ছবিটির খবর এখন আন্তর্জাতিক মিডিয়াতেও সমান গুরুত্বের! কারণ এটি ফারুকীর প্রথম ইংরেজি ভাষার ছবি।
লন্ডন লাভ: রাজত্ব, অগ্নি ২, বিজলী বানিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। তার সিনেমা মানেই নতুনত্ব, প্রযুক্তি নির্ভরতা। এবার তিনি শাকিব খানকে নিয়ে বানাতে যাচ্ছেন ‘লন্ডন লাভ’। লন্ডনেই সিনেমাটির ৯০ শতাংশ শুটিং করবেন নির্মাতা ইফতেখার। এ সিনেমায় থাকছেন দুই নায়িকা। একজন কলকাতার এবং আরেকজন বাংলাদেশের।
ক্যাসিনো: শাকিব খানের বাইরে বুবলীর প্রথম সিনেমা ‘ক্যাসিনো’, যেখানে নায়ক হিসেবে তিনি পেয়েছেন নিরবকে। এ সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির। যিনি ‘দেশা দ্য লিডার’ নির্মাণ করে দর্শকদের কাছে পরীক্ষিত হয়েছেন। বছরের শেষ দিকে ঘটে যাওয়া ‘ক্যাসিনো’ কেলেঙ্কারি থেকে ক্যাসিনো নাম নিয়ে সিনেমা নির্মাণ করায় নামটি আলোচিত।
শান: নবীন নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমা শান, যিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার সহকারী ছিলেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা। সিয়াম, তাসকিন, পূজা চেরীকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘শান’। সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ, বাকি আছে গানের শুটিং।



