২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

করোনার প্রভাবে সল্পোন্নত দেশগুলো যাতে পিছিয়ে না পড়ে সেজন্য ২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সদরদপ্তরে ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ এন্ড বিয়ন্ড’ শীর্ষক হাই-লেভেল ইভেন্টে কোভিড-১৯ মোকাবিলায় সুসমন্বিত রোডম্যাপ করার তাগিদও দেন শেখ হাসিনা।
আগেই ধারণকৃত এই ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সংকট উত্তরণে ২০৩০ এজেন্ডা, প্যারিস চুক্তি, আদিস আবাবা অ্যাকশন এজেন্ডা ব্লুপ্রিন্ট হতে পারে। এক্ষেত্রে জাতিসংঘকে অবশ্যই অনুঘটকের ভূমিকা রাখতে হবে। এছাড়া সংকট উত্তরণে ৬টি সুপারিশও করেন প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ বাংলাদেশের অর্থনীতিতে প্রচণ্ড রকম প্রভাব ফেলে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা তাৎক্ষণিকভাবে ১৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি, যা আমাদের জিডিপির ৪ দশমিক ০৩ শতাংশের সমান।
এই মহামারির সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী ও সাংবাদিকসহ ৩০ মিলিয়নের বেশি মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বক্তব্য রাখেন।



