‘খুব শিগগিরই কিয়েভ এফ-১৬ জঙ্গিবিমান হাতে পাবে’

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভ বলেছেন, তার দেশ খুব শিগগিরই মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমান হাতে পাচ্ছে। তবে যে কয়টি বিমান পাবে তার অর্ধেক হাতে আসতে বেশ দেরি হবে।
তিনি বলেন, কিয়েভ আশা করছে- পশ্চিমা মিত্ররা খুব শিগগিরই এফ-১৬ বিমান সরবরাহ করবে। উমারভ দাবি করেন, “রাশিয়া যুদ্ধক্ষেত্রে আরো অনেক বেশি জনশক্তি ও অস্ত্র মোতায়েন করছে এবং রুশ সেনারা উত্তরাঞ্চলে নতুন যুদ্ধক্ষেত্র খোলার চেষ্টা করছে। রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনীয় জাতিকে ধ্বংসের চেষ্টা করছে।”
তিনি বলেন, “আমরা সহ্য করছি, তবে অবশ্যই আমাদের আরো অস্ত্র দরকার, আমাদের আরো গুলি চালানোর শক্তি দরকার, আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার। আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেবো না।”

উমারভ বলেন, “সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের যথাসময়ে অস্ত্র সরবরাহ দরকার।”
চলতি মাসের শুরুর দিকে রাশিয়া উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের ওপর আক্রমণ শুরু করেছিল তবে ইউক্রেন দাবি করছে যে, তারা নতুন ফ্রন্টকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা কিয়েভকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



