মালদ্বীপে আসিফ আকবরের সঙ্গীত সন্ধ্যা

সোহেল রানা, মালে, মালদ্বীপ: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন। আগামীকাল, ৮ আগস্ট, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী দ্বীপ হুলহুমালের সিন্থেটিক গ্রাউন্ডে তিনি অংশগ্রহণ করবেন একটি জমকালো কনসার্টে।
এই বহুল প্রতীক্ষিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে মালদ্বীপের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি দিরাগু। কনসার্টটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় সঙ্গীতপ্রেমীদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।
সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানান, “মালদ্বীপে আসতে পেরে আমি খুবই আনন্দিত। প্রবাসী ভাই-বোনদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আশা করছি, এই কনসার্টের মাধ্যমে সবাই কিছুটা হলেও বাংলাদেশের গানের স্বাদ পাবেন।

দিরাগু’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনসার্টের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের বিনোদন উপহার দেওয়াই তাদের উদ্দেশ্য। দর্শকদের জন্য বিশেষ নিরাপত্তা, সাউন্ড সিস্টেম এবং আলোঝলমলে মঞ্চসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হুলহুমালে সিন্থেটিক গ্রাউন্ডে এরই মধ্যে কনসার্ট উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এতে উপস্থিত থাকবে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় অতিথিরা।
প্রবাসীদের জন্য এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং বাংলাদেশের কণ্ঠসঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলা টিভি / বুলবুল



