
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জাতির জন্য যে অবদান রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি তার পাওনা পেয়েছেন। আমরা তার এই সম্মান দেখে অনুপ্রাণিত হই যেন আমরা ও দেশের জন্য সেরকম অবদান রাখতে পারি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসময় দলটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াত আমির।
জামায়াত আমিরের মতে, খালেদা জিয়া শুধু তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। এই লড়াই করতে করতে তার শেষ জীবন কেটেছে জেলে একাকীত্বে। সেই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। জেলবাসের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন জানানো হলেও তৎকালীন সরকার তা কর্ণপাত করেনি বরং উপহাস করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালার বিশেষ বিধান, তিনি বিদেশেও গিয়েছেন, চিকিৎসাও নিয়েছেন। তবে ব্রিটেন থেকে ফিরে তার শরীর এতটাই ভেঙে পড়েছে যে শেষ চিকিৎসা দেশেই নিতে হয়েছে।
তিনি তারেক রহমান ও তার পরিবার এবং চিকিৎসক যারা আন্তরিকভাবে তাকে চিকিৎসা দিয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



