মহেশখালীর জনসভায় হেলিকপ্টারে জামায়াত আমির

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় হেলিকপ্টারযোগে মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে নামেন তিনি। সেখান থেকে সড়কপথে পাঁচ কিলোমিটার দূরে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।
উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর সোয়া ১২টার পর তিনি প্রথম জনসভায় বক্তব্য রাখবেন। মহেশখালীর কর্মসূচি শেষে দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে করে তাঁর কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। কক্সবাজারের সফর শেষ করে তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আরেকটি জনসভায় অংশ নিতে রওনা হবেন।
মহেশখালী-কুতুবদিয়া আসনের জামায়াত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, এই নির্বাচনী সফরের মাধ্যমে মহেশখালী ও কক্সবাজারের সাধারণ মানুষের সামনে দলের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন আমির শফিকুর রহমান।



