সরকারবাংলাদেশ

‘যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে’

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা–সংক্রান্ত বিষয় নিয়ে দূতাবাসগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ইতোমধ্যে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের সরকার হিসেবে নাগরিকদের সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) প্রস্তুতিও রাখা হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, জ্বালানি খাতে বৈচিত্র্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব, ইউএই ও কাতারসহ যুদ্ধ–প্রভাবিত অঞ্চলে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button