ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট এবং ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট। একইভাবে ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।
অন্যদিকে ফিরতি যাত্রার জন্য ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।
নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া এসব অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।
যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।



