
বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার মা শ্রাবন্তী বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শ্রাবন্তী তার শিশু ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিছু সময় পর মা-ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরের ধারে তার স্যান্ডেল দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ সময় বাড়ি থেকে কিছুটা দূরে শ্রাবন্তীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
নিহত শিশুর স্বজনদের দাবি, পারিবারিক কলহ ও ব্যক্তিগত সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে আটক শ্রাবন্তী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



