নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ও তফশিল এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের পর নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম নির্বাচন কমিশন কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংসদ অধিবেশন চলা বা সংসদ সদস্যদের উপস্থিতি-অনুপস্থিতি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান তিনি।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের সামনে। তাই দ্রুততম সময়ে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় তিনি জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়নি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের তফশিল স্পিকারের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করা হয়। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button