
বাংলা টিভি ডেস্ক: জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় জানালার গ্রিল কেটে দুই বিচারকের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা প্রায় আট ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিচারক দম্পতির মধ্যে সিভিল জজ আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন এই বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আহমাদুল কবির সাকিল। সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
ভুক্তভোগীদের অভিযোগ, চোরেরা একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। যাওয়ার আগে ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে এলোমেলো অবস্থায় রেখে যায়।
আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি বাইরে থেকে দরজার তালা খুলতে না পেরে প্রথমে সেটি নষ্ট হয়েছে বলে মনে করেন। পরে একজন মিস্ত্রি দিয়েও তালা খোলা সম্ভব না হলে তার সন্দেহ হয়, ভেতর থেকে দরজা আটকে রাখা হয়েছে। রাত ৯টার পর দরজা ভেঙে ঘরে ঢুকে তিনি দেখতে পান জানালার গ্রিল কাটা, ঘর তছনছ এবং মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।
বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তার তিনতলা ভবনে মোট পাঁচটি ইউনিট রয়েছে এবং এর আগে সেখানে কখনো চুরির ঘটনা ঘটেনি। তিনি জানান, ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। তার ধারণা, পরিকল্পিতভাবেই ক্যামেরা বিকল করে এই চুরি সংঘটিত হয়েছে।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



