শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে এনে না দেওয়ায় দাদিকে হত্যা, দাদা আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটাতে মাদকাসক্ত শাকিল মিয়া (২৫) নামের এক নাতির ছুরিকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৫) নিহত হয়েছেন। একই সঙ্গে দাদা আব্দুল করিম (৭০) মারাত্মকভাবে আহত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাকিল মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত ফেরেজা বেগম রফিকুল ইসলামের মাতা ও আব্দুল করিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া মাদকসেবনে আসক্ত। এ কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেছেন। এই বউকে আনার জন্য শাকিল মিয়া দাদা-দাদিকে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপযার্য়ে শাকিল মিয়া ধারালো ছুরি দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। সেখানে দুজনই গুরুত্ব আহত হয়। তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ মেডিকেলে যাওয়ার পথে ফেরেজা বেগম মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



