বাংলাদেশদুর্ঘটনা

চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ও চিকিৎসাধীন অবস্থায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকালের দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আল-আরাফাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় পৌঁছালে একটি অপর যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে এবং বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আকस्মিক এই দুর্ঘটনার কারণে কিছু সময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button