বাংলাদেশসরকার

‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’

বাংলা টিভি ডেস্ক: ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের দিল্লি বা অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, সেটিও প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সফরের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন। দুই দেশের পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনায় নিয়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফরটি হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা নতুন করে সচল হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো বৈঠকের তারিখ নির্ধারণ না হওয়াকে আলোচনায় স্থবিরতা হিসেবে দেখার সুযোগ নেই। নির্দিষ্ট তারিখ না থাকলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত ছিল বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, আলোচনার মধ্যেই ৫ আগস্টের একটি ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল। বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে আবারও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। একই সঙ্গে দুই দেশই যেন নিজেদের ভূখণ্ডকে অপর দেশের সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে না দেয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button