প্রবাসী

মসজিদে তালা, পার্কেই জুমার নামাজ

বাংলা টিভি ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে মসজিদ বন্ধ থাকায় পার্কে জুমার নামাজ আদায়ের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন চট্টগ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী রিহান মাহমুদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ইতালির সব আইন মেনে চলেই তারা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কেউ বাড়ি, কেউ কাজে ফিরে যান। একই সঙ্গে মুসলিমদের নিয়ে ‘বারবার উত্তপ্ত পরিস্থিতি’ তৈরি করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আমরা ইতালির সকল আইন মেনে চলি এবং শ্রদ্ধা করি। এখানে আমরা শান্তভাবে নামাজ শেষে কেউ বাড়িতে, কেউ কাজে চলে যাই। আমরা কোনো ঝামেলা চাই না।

তিনি আরও লেখেন, তাহলে এখানে কেন বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে হবে? আইনে, সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় – সব জায়গায় মুসলিমদের বাধাগ্রস্ত করা হচ্ছে। মসজিদ বন্ধ করতে পারো, কিন্তু আমাদের শান্তিপূর্ণ সিজদা বন্ধ করতে পারবে না।

একই বক্তব্য তিনি ইতালীয় ভাষাতেও প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, মসজিদ বন্ধ থাকায় পার্কে জুমার নামাজ আদায় করছেন তারা। ইতালির আইন মেনে শান্তিপূর্ণভাবে নামাজ শেষে বাড়ি বা কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মুসলিমদের নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান।

উল্লেখ্য, রিহান মাহমুদের ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী- তার বাড়ি চট্টগ্রামে এবং তিনি বর্তমানে ইতালির ভেনিসে বসবাস করছেন। তার প্রোফাইলে নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button