মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুজনই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে হাইকমিশন। নিহতদের মরদেহ দেশে ফেরাতে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলেও জানানো হয়।
নিহতদের একজন মো. রব্বান মিয়া। ৩২ বছর বয়সী রব্বানের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নে। তার বাবার নাম মো. মুসলিম মিয়া।
স্বজনদের বরাতে হাইকমিশন জানায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে যান রব্বান। শুরুতে বৈধভাবে কাজ করলেও পরবর্তী সময়ে দেশটির মাহিবাদু দ্বীপে বিভিন্ন নির্মাণাধীন প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।
শনিবার রাতে সামান্য অসুস্থতা অনুভব করার পরও প্রতিদিনের মতো খাবার ও ওষুধ সেবন করে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়ে পড়েন রব্বান। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় বিষয়টি মালিককে জানানো হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রব্বানের শ্যালক শাহিন জানান, দেশে তার দুই সন্তান রয়েছে এবং পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। মরদেহ দেশে ফিরিয়ে নিতে সহযোগিতার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এর কয়েক ঘণ্টা পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান রুহুল আমিন কাজল। ৪৮ বছর বয়সী কাজলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। তার বাবার নাম আবদুর রশিদ সিকদার।
পরিবারের বরাতে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে জীবিকার উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমান কাজল। এরপর থেকে তিনি বৈধভাবে কাশীধু দ্বীপে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি এবং স্থানীয় হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। রোববার বিকেল ৪টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মালদ্বীপের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহকর্মী ও প্রবাসীরা তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।



