আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশি ভেবে দুজনকে বিএসএফের গুলি, পরে জানা গেল তারা ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আহত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। পরে তাদের বাংলাদেশি নাগরিক মনে করে সীমান্তের একটি চর এলাকায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর জানা যায়, তারা দুজনই ভারতের নাগরিক।

আহতরা হলেন আসামের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)। বর্তমানে পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে নারায়ণপুর স্থলবন্দর এলাকায় গরু পারাপারের সময় ইসমাইল ও আলীমের ওপর বিএসএফ সদস্যরা ককটেল ও শর্টগানের গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে তারা গুরুতর আহত হন।

আহতদের দাবি, বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক মনে করে আহত অবস্থায় সীমান্তের একটি অজ্ঞাত চর এলাকায় ফেলে রেখে যায়। পরে যাত্রাপুর-আইলমারী এলাকার স্থানীয়রা তাদের উদ্ধার করে সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হয়েছে।

পুলিশের পাহারায় আহত দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button