রাজনীতি

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

বাংলা টিভি ডেস্ক: একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে পতিত সরকারের দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষেরও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুরু থেকেই সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও নোংরা পানি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। এতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমানো সম্ভব হবে। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার জন্য আগে যেখানে অর্থ নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। ঘটনাটির পেছনে কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button