গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
‎
‎বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎স্থানীয়রা জানান, বুধবার সকালে জিহাদ আকন্দ তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের কথা বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহুরুল ইসলামকে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।
‎
‎মারধরের পর জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাঁকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
‎
‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
‎

সংশ্লিষ্ট খবর

Back to top button