দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

বাংলা টিভি ডেস্ক: দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নাশকতা কিংবা ভীতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীতে ২৫৭টি পূজামণ্ডপে পূজা হচ্ছে। গুরুত্ব অনুসারে রাজধানীর মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও বডিওন ক্যামেরার মধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্টকরতে চাইলে বা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজবরোধে ডিএমপির সাইবার টিম তৈরি রয়েছে।’



