প্রবাসীবাংলাদেশ

ভাগ্য বদলাতে মালদ্বীপে গিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানেই প্রবাসীর মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন ৪২ বছর বয়সি আব্দুল গাফফার। কিন্তু বিদেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই থেমে গেল তার স্বপ্নযাত্রা। মালদ্বীপে পৌঁছে রাতে ঘুমাতে যাওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান এই প্রবাসী বাংলাদেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আব্দুল গাফফারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায়। তার বাবার নাম মো. আবু বক্কর মন্ডল।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপে যান আব্দুল গাফফার। সেখানে পৌঁছে রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি।

তবে রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে বুকে ব্যথা অনুভব করেন। কক্ষে থাকা অন্যরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি ঠিক আছেন বলে জানান। এরপর আবার ঘুমিয়ে পড়েন তিনি।

পরদিন ৭ অক্টোবর সকাল ৬টার দিকে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে মালিককে খবর দেন কক্ষে থাকা ব্যক্তিরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

আব্দুল গাফফারের নিকটাত্মীয় মো. আল আমিন জানান, আর্থিকভাবে অসচ্ছল গাফফার পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে মালদ্বীপে এসেছিলেন। কিন্তু নতুন কর্মজীবন শুরুর আগেই তার মৃত্যুতে পরিবারটির স্বপ্ন ভেঙে গেছে।

এদিকে, আব্দুল গাফফারের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

হাইকমিশন জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হাইকমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button