ক্যানসারে আক্রান্ত বাটলার, নারী দলের দায়িত্বে ফরাসি কোচ

স্পোর্টস ডেস্ক: ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন এই ইংলিশ কোচ। তাঁর অনুপস্থিতিতে আপাতত বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব পালন করবেন ফরাসি কোচ এরিক মাঁরে।
আগামী এক মাসের জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
জানা গেছে, গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে ফিরে যান পিটার বাটলার। পরে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। নিজের শারীরিক অবস্থার বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে বাটলার জানান, তিনি ভালো নেই এবং শারীরিকভাবে বেশ অসুস্থ। এ সময় সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন।
এদিকে বাংলাদেশের সামনে রয়েছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটিকে সামনে রেখেই দলের দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসি কোচ এরিক মাঁরেকে।
পিটার বাটলারের অনুপস্থিতিতে নতুন কোচের অধীনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির প্রস্তুতি নেবে বাংলাদেশের মেয়েরা।



