‘বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের নিবেদন-ত্যাগ উদাহরণ হয়ে থাকবে’

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পথচলার ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন দেশের অন্যতম সফল এই ক্রিকেটার।
মুশফিকের অবসরের খবরে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তাঁর মতে, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের দীর্ঘদিনের পরিশ্রম, আত্মত্যাগ ও পেশাদারত্ব ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফিস বলেন, সংবাদমাধ্যমে মুশফিকের অবসরের খবরটি দেখেছেন তিনি। এ বিষয়ে সরাসরি তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে মুশফিকের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন তিনি।
নাফিস জানান, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের সময় প্রায় প্রতিদিন সকালের নাশতায় মুশফিকের সঙ্গে তাঁর দেখা হতো। তাঁদের নিয়মিত সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। একসঙ্গে সময় কাটানো, হাসি-ঠাট্টা এবং মাঠের বাইরের নানা স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে।
মুশফিকের অবসরের সিদ্ধান্তকে নিজের কাছে অপ্রত্যাশিত উল্লেখ করে নাফিস বলেন, বাংলাদেশের ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি। তাঁর বিদায়ের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আবেগের বিষয়। বিশেষ করে দীর্ঘদিনের নিবেদন ও ত্যাগ দেশের ক্রিকেটে বিশেষ উদাহরণ হয়ে থাকবে।
মুশফিকের প্রস্তুতি, ফিটনেস ও পেশাদারত্বের প্রশংসা করে নাফিস আরও বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই নিজের প্রস্তুতি ও নিবেদনের জায়গায় মুশফিক ধারাবাহিক ছিলেন। সময়ের সঙ্গে এসব ক্ষেত্রে তিনি আরও উন্নতি করেছেন। শেষ পর্যন্ত যেভাবে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখেছেন, তা প্রশংসার দাবি রাখে।
মুশফিকের সঙ্গে নিজের দীর্ঘ ক্রিকেটীয় সম্পর্কের কথাও স্মরণ করেন নাফিস। অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে জাতীয় দল এবং পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে তাঁদের একসঙ্গে পথচলা ছিল। লর্ডসে মুশফিকের টেস্ট অভিষেকের সময়ও তাঁরা একসঙ্গে ছিলেন বলে জানান তিনি।
নাফিসের ভাষায়, মুশফিক নিজেই যখন মনে করেছেন অবসরের এটাই উপযুক্ত সময়, তখন তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর সঙ্গে কাটানো স্মৃতিগুলো সবসময় মনে থাকবে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য ও ধারাবাহিকতার স্বাক্ষর রেখেছেন মুশফিকুর রহিম। তাঁর বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।



