
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন দায়িত্ব দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্স। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি প্রণয়ন এবং প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের মূল দলে জায়গা করে দেওয়ার পরিকল্পনায় কাজ করবেন তিনি।
বুলবুলের দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি মজবুত করা এবং বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছে দলটি।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।



