খেলাধুলাক্রিকেট

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা করলেন শ্রীলঙ্কার কোচ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নানা রসিকতা ও মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য প্রকাশের প্রবণতা বোঝাতে গিয়ে নিজের স্ত্রীর পরিবারের সঙ্গে সাংবাদিকদের তুলনা টেনেছেন তিনি।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন মুতাইরি। শুরুতেই সাংবাদিকদের জানিয়ে দেন, সর্বোচ্চ তিনটি প্রশ্নের উত্তর দেবেন তিনি। তবে সেই তিন প্রশ্নের জবাব দিতে গিয়েই প্রায় ১২ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন শ্রীলঙ্কার এই কোচ।

বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান কোচদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের তথ্য প্রকাশের ধরন নিয়ে কৌতুক করেন মুতাইরি। নিজের পারিবারিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে কোনো কথা গোপন রাখতে বলি, তাহলে তার পরিবারের সবাই বিষয়টি জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও ঠিক তেমন। এখানে কোনো কিছুই গোপন থাকে না।’

বাংলাদেশ দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। কোচের বক্তব্যের প্রসঙ্গ টেনে মুতাইরি দাবি করেন, হামজা চৌধুরী অধিনায়ক হওয়ার চাপ সামলাতে পারবেন না—এমন মন্তব্য একাধিকবার করা হয়েছে। এ বিষয়ে তাঁর কাছে স্ক্রিনশটও রয়েছে বলে জানান তিনি। তবে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য এসব বিষয় ব্যবহার করতে চান না বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা এবং আলোচিত ‘নাগিন নাচ’ প্রসঙ্গেও কথা বলেন লঙ্কান কোচ। তাঁর মতে, ক্রিকেটের আগ্রাসী উদ্‌যাপন ফুটবলে নিয়ে আসা উচিত নয়। প্রতিপক্ষকে অসম্মান না করে জয়-পরাজয়ের পরও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। অবশ্য মজার ছলে বলেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবলের কাজ ভালোবাসা ছড়ানো। তবে কাল যদি আমরা জিতে যাই, আমি কিন্তু অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সুতরাং সাবধান থাকবেন!’

ম্যাচটির গুরুত্ব তুলে ধরে মুতাইরি জানান, শ্রীলঙ্কার সামনে জয়ের বিকল্প নেই। তাঁর ভাষায়, ‘ফুটবলে আমার একমাত্র দর্শন হলো—জয় ছিনিয়ে নাও, নয়তো ছিটকে যাও।’ একই সঙ্গে হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড় থাকায় বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অভিহিত করেন তিনি। তাঁর মতে, ম্যাচটি সাফের ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে পারে।

প্রবাসে বেড়ে ওঠা কিংবা অন্য দেশে খেলা ফুটবলারদের বিদেশি হিসেবে বিবেচনা করার মানসিকতারও সমালোচনা করেন মুতাইরি। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর বিমানবন্দরে সমর্থকদের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এমন ভালোবাসা গোটা এশিয়ার জন্য গর্বের বিষয়। দক্ষিণ এশিয়ার ফুটবলকে শুধু সাফের মধ্যে সীমাবদ্ধ না রেখে এশিয়ান কাপে খেলার স্বপ্ন দেখার আহ্বানও জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশিয়ার মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রীলঙ্কার কোচ। তাঁর মতে, এই অঞ্চলের মানুষের মেধা ও সামর্থ্য কোনো অংশেই কম নয়।

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকেরা আরও প্রশ্ন করতে চাইলে আবারও পারিবারিক রসিকতায় মেতে ওঠেন মুতাইরি। হাসতে হাসতে বলেন, ‘২১ বছরের সংসার আমার। বেশি দেরি হলে যদি ডিভোর্স হয়ে যায়, তখন কী করব? আপনারা কি চান আমার সংসার ভেঙে যাক?’

রসিকতা ও নানা মন্তব্যে সংবাদ সম্মেলন শেষ করলেও বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে যে শ্রীলঙ্কা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়, সেটিই স্পষ্ট করে দিয়েছেন আবদুল্লাহ আল মুতাইরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button