রাজনীতি

নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল

বাংলা টিভি ডেস্ক: পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাই আন্দোলনের সব পক্ষকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। একই সঙ্গে সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পাশে পূর্ণ শক্তি নিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন আবিদুল।

পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলনের সম্মিলিত শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করার সময় এসেছে। নিজেদের মধ্যে বিরোধ ও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আবিদুল আরও লেখেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের দায় যাদের ওপর রয়েছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয় বলে তিনি মনে করেন।

নুসরাত তাবাসসুমকে জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও নিজের বোন হিসেবে উল্লেখ করে আবিদুল বলেন, নুসরাতদের পাশে তারা সর্বোচ্চ শক্তি নিয়ে রয়েছেন। ফ্যাসিবাদী শক্তির উপস্থিতি যেখানে দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পোস্টে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান আবিদুল। তার অভিযোগ, অতীতে ব্যাপক প্রাণহানির ঘটনায় জড়িতদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না এবং তারা আবারও সহিংসতার পথে ফিরতে চাইছে।

পোস্টের শেষাংশে আবিদুল ইসলাম খান শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থান অব্যাহত রাখার কথা জানান। পাশাপাশি সারা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button