খেলাধুলা

যে ২৬ ব্যাটে ইতিহাস গড়েছেন শচীন, ঠাঁই পাচ্ছে জাদুঘরে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দিচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে এসব ব্যাট প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

‘ব্যাটোগ্রাফি’ নামের বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় মুহূর্ত ও অর্জনগুলো তুলে ধরা হবে। তাঁর ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহৃত ব্যাটগুলোই প্রদর্শনীর প্রধান আকর্ষণ হিসেবে থাকছে।

এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানান, শচীনের ব্যবহৃত এসব ব্যাট জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির মর্যাদা আরও বাড়বে। দর্শনার্থীরা শুধু ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম দেখার সুযোগই পাবেন না, বরং সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকা স্মরণীয় ঘটনাগুলো সম্পর্কেও জানতে পারবেন।

তিনি আরও বলেন, শচীনের মতো কিংবদন্তি ক্রিকেটারের ব্যক্তিগত স্মারক জাদুঘরে সংরক্ষিত হওয়া অত্যন্ত সম্মানের বিষয়। এর মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমীরাও তাঁর অসামান্য অর্জন ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে।

২৬টি ব্যাট ছাড়াও প্রদর্শনীতে স্থান পাবে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটসহ তাঁর ক্রিকেটজীবনের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।

আগামী ১৬ নভেম্বর প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেছিলেন তিনি। সেই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বছরের দীর্ঘ পথচলার ইতি টানেন ক্রিকেটের এই মহাতারকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button