খেলাধুলা

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী।

পরে স্টেডিয়ামের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন আমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আপাতত দলের মূল লক্ষ্য সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাবে বলে আশাবাদী তিনি।

দলের খেলোয়াড়দের প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, হামজা, ফারহান ও সামিতরা দারুণ ফুটবল খেলছেন। বাংলাদেশ ফাইনালে উঠবে এবং সেই ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিফাইনাল ঘিরে ইতোমধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button