বাংলাদেশ

কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কাচপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

নিহত সোহেল পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মরহুম রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগা বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন সোহেলকে দেখতে পান। এ সময় চোর চোর বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে আটক করে মারধর করেন স্থানীয়রা।

একপর্যায়ে উত্তেজিত লোকজন কয়েক দফায় মারধর করলে গুরুতর আহত হন সোহেল। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কাচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button